Bangla24.Net

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নে অধ্যাপক নাজমুল বলেন, এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে। আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।

পরীক্ষার দিন বদলের তিনি বলেন, আমরা আগে প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সেই তারিখে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। পরে সব দিক বিবেচনায় ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন শুরু হতে পারে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ৪০ হাজার ৮৪ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬ দশমিক ২ শতাংশ।

এর আগে ২০২৫ সালে এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ; তাদের মধ্যে ৬৯ হাজার ৯৭ জন জিপিএ ৫ পেয়েছিল।

এই হিসাবে ২০২৬ সালের পরীক্ষায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সব সরকারি মেডিকলে কলেজের আসন পুনর্বিন্যাস করে। সেখানে ৩৭টি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ আসনের তথ্য জানানো হয়, যা আগে ছিল ৫ হাজার ৩৮০।

এদিকে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ছিল ৬ হাজার ২৯৩টি। এর মধ্যে মন্ত্রণালয় ১০টিতে আসন কমিয়েছে, দুটিতে আসন বাড়িয়েছে এবং বাকিগুলোতে আসন ঠিক রেখেছে। এতে বেসরকারি মেডিকেলে ২৯২টি আসন কমেছে।

শেয়ার