পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকুফের ব্যস্ত কেন্দ্রস্থলে চরম ডানপন্থি আদর্শের অনুসারী বলে ধারণা করা এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেলে হামলাকারী গাড়ি চালিয়ে ক্রাকুফের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মধ্যযুগীয় নগর চত্বর ‘মেইন মার্কেট স্কয়ারে’ আসেন। এরপর সেখানে উপস্থিত লোকজনের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন।
এতে ছয়জন নিহত হন। তাঁদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। নিহতদের তিনজন পোল্যান্ডের নাগরিক, একজন ব্রিটিশ এবং অন্য দুজনের পরিচয় শনাক্ত হয়নি।
আহত ১৬ জনের মধ্যে পাঁচজন বিদেশি। তাঁরা অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও ব্রিটেনের নাগরিক। আহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাঁদের একজনের অবস্থা সংকটজনক।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টুস্ক জানিয়েছেন, কাউন্টার-টেররিজম পুলিশ ক্রাকুফ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সন্দেহভাজনের বাড়ি তল্লাশির সময় আরও তিনটি মরদেহ খুঁজে পেয়েছে।ওসধমব
বিবিসি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ক্রাকুফজুড়ে ব্যাপক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি রাজধানী ওয়ারশসহ অন্যান্য স্থানের নিরাপত্তাও জোরদার করা হয়।
ক্রাকুফে ১১ নভেম্বর পর্যন্ত শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ২৫ বছর বয়সী একজন পোলিশ পুরুষ।
সামরিক ধাঁচের পোশাক ও অস্ত্রে সজ্জিত হয়ে তিনি হামলা চালান। তিনি পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর সদস্য নন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। পোল্যান্ডের এক মন্ত্রী তাঁকে ‘উগ্র জাতীয়তাবাদী’ বলে বর্ণনা করেছেন।
টুস্ক জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের শিল্পশহর অস্ত্রভিয়েৎস শফিয়েনতকশিস্কিতে সন্দেহভাজনের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া দুই নারী ও এক পুরুষ তাঁর নিকটাত্মীয় ছিলেন—এমন ‘জোরালো ইঙ্গিত’ পাওয়া গেছে।
তিনি বলেন, “পোল্যান্ডে আমাদের এখানে সন্ত্রাসবাদের এমন চরম ঘটনা আর ঘটেনি। ক্রাকুফে মানুষের জীবনের ওপর চালানো এই নৃশংস আক্রমণকে আমাদের সন্ত্রাসবাদই বলতে হবে।”
স্থানীয় সময় বিকেল ৩টার একটু আগে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র ক্রাকুফের মেইন মার্কেট স্কয়ারে এই হামলা শুরু হয়। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলাকারীর গাড়িটি দ্রুতগতিতে শহরের কেন্দ্রস্থল দিয়ে ছুটে যাচ্ছে। এ সময় গুলির শব্দের মধ্যে লোকজনকে দৌড়ে পালাতে দেখা যায়।পোল্যান্ডে ‘চরম ডানপন্থি’র নির্বিচার গুলিতে নিহত ৬, আহত ১৬
গুলিতে বিভিন্ন দোকানের সামনের অংশের কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। একটি ট্রাম লক্ষ্য করেও গুলি চালানো হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, হামলাটি প্রায় তিন মিনিট স্থায়ী ছিল।
পুলিশ হামলাকারীর গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, মাটিতে পড়ে থাকা সন্দেহভাজনের দিকে এগিয়ে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।
এ সময় গোলাগুলিতে সন্দেহভাজনসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সন্দেহভাজনের গাড়িতে আরও অস্ত্র ও গুলি পাওয়া গেছে।
পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি বলেছেন, “সবকিছু থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি উগ্র ডানপন্থি মতাদর্শের প্রতি আকৃষ্ট ছিলেন। তাঁর মধ্যে অতি-জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি ছিল।”