সুনামগঞ্জের দিরাই উপজেলার জারুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকা-ে ১১ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১টি দরিদ্র মৎস্যজীবী পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। অগ্নিকা-ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরাঙ্গ দাশের বসত ঘরে থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে একে একে কালি দাশ, সুমলাল দাশ ও দীনেশ দাশসহ ১১টি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বসতঘরের পাশাপাশি আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র ও ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
গঙ্গে সঙ্গে স্থানীয়রা দিরাই ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকা-ের খবর পেয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।