Bangla24.Net

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক পক্ষের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এবং শিক্ষানবিস বা একেবারে নতুনদের জন্য ৩০ হাজার টাকা বেতন প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের গ্রেড অনুযায়ী সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা করা প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পোশাকশ্রমিকদের জন্য গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধির মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয়।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার এসব তথ্য জানান।

এ দিন দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভাশেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, এর আগে আমাদের একটি বৈঠক হয়েছে। আজকের বৈঠকে মালিক ও শ্রমিক পক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার কথা। তবে মালিকপক্ষ প্রস্তাব না দিয়ে সাত কার্যদিবসের সময় আবেদন করেছেন। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাদেরকে চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদেরকে ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে হবে।

তিনি আরও বলেন, আজকের মিটিংয়ে আমাদের বোর্ডে নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তাকে মজুরি সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তিনি প্রয়োজনে এক্সপার্ট কারোর সাথে কথা বলতে পারবেন। প্রয়োজনে আগামী মিটিংয়ে তিনি এক বা একাধিক দক্ষ ও যোগ্য কাউকে এই বৈঠকে যুক্ত করার সুযোগ পাবেন।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, দেশের প্রায় ৪০ লাখ শ্রমিক এই খাতে নিয়োজিত। তার মানে এর সাথে ৪০ লাখ পরিবারও যুক্ত। তাই আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী মিটিংয়ের আগে বিভিন্ন কল-কারখানা পরিদর্শন করা হবে। সরেজমিনে বোর্ড তাদের অবস্থা যাচাই করবে। তাই এই সপ্তাহের মধ্যে আমরা দেশের বিভিন্ন কারখানা পরিদর্শন করব।

পরে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, শ্রমিকদের কাজের ধরন ও মান অনুযায়ী বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড-১ এর জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২ এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩ এর জন্য ৩৮ হাজার টাকা, গ্রেড-৪ এর জন্য ৩২ হাজার টাকা এবং একেবারে নতুনদের জন্য ৩০ হাজার টাকা মজুরি প্রস্তাবনা আমরা জমা দিয়েছি।

উল্লেখ্য, সভা শুরুর আগে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে দেওয়া শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

এ ছাড়া সকাল থেকে সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ের নিচে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা একই দাবিতে মানববন্ধন করছেন।

সভায় সভাপতিত্ব করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এতে উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

মজুরি বৃদ্ধির দাবিতে গত মাসে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্র্নিধারণে নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। গত বুধবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তখন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। ওই বছরের ১২ নভেম্বর এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হয়।

শেয়ার