বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সকল রিপোর্ট হাতে পাওয়া যাবে আগামী শুক্রবারের (১৭ জানুয়ারি) মধ্যে। এ তথ্য জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
নিয়মিত ব্রিফিংয়ে লন্ডন দ্য ক্লিনিক হাসপাতালের সামনে সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছেন।
ডা. জাহিদ বলেন, ন্যাপ্রলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই উনার (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে। এছাড়া অতীতে বাংলাদেশে উনার যে-সব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা। খালেদা জিয়ার লিবার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনও কমপ্লিট হয়নি।
তিনি বলেন, খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার পর্যন্ত সময় লেগে যেতে পারে। শুক্রবারের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা পরিকল্পনা করা যায়। চিকিৎসকরা এখন চিকিৎসায় অতিদ্রুত যে-সব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন। ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।