সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে বেড়াতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখে মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে মৃতদেহটি ভেসে ওঠে বলে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।
এর আগে গত রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর এলাকায় বেড়াতে গিয়ে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ওই যুবক। পরে ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারে কাজ করলে প্রায় ৪৪ ঘণ্টা পর তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পর্যটকের নাম আবদুস সালাম (২৩)। তিনি ঢাকার মিরপুর এলাকার মরহুম আবুল কালামের ছেলে।
মরদেহ উদ্ধারের পর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন। লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে।এরপর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
প্রসঙ্গত, ঢাকার মিরপুর থেকে ছয় বন্ধু সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। রোববার দুপুরের দিকে সিলেটে পৌঁছে তারা পানিতে নামেন। দুপুর আড়াইটার দিকে পানিতে সাঁতার কাটতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান সালাম। এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী ভোলাগঞ্জের ধলাই নদের উৎসমুখ জিরো পয়েন্টেই সাদা পাথর।